বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন ফারজানা রুপার দুই সন্তানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ৩০ আগস্ট থেকে ফারজানা রুপা বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফারজানা রুপাসহ ৪১ জন আসামি রয়েছেন। এ মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে অসুস্থতার কারণে ফারজানা রুপা ছাড়া বাকি ১০ জন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।
প্রতিনিধির নাম 






















