জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার মামলার আসামি আহসান লাবিবকে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম মোল্লাকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আহসান লাবিবকে আসামি করা হয়। বুধবার (২ আগস্ট) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় সংগঠনের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন, এরপর লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
শামীম মোল্লাকে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আহসান লাবিবসহ আট শিক্ষার্থী এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে। পরে শামীমের বড় ভাই শাহিন আলম ৯ অক্টোবর ঢাকার আদালতে আরেকটি হত্যা মামলা করেন, যেখানে লাবিবসহ নয় শিক্ষার্থীকে আসামি করা হয়।
হত্যা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাপ্পী জানান, ‘মামলার তদন্ত চলছে।’ এ বিষয়ে আহসান লাবিবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘অনেকেই এটা নিয়ে কথা বলছে। ছাত্রলীগেরও কেউ কেউ তাকে অপরাধী বানানোর চেষ্টা করছে। সে কতটুকু অপরাধী বা কতটুকু অপরাধী নয়, সেটা দেশের আইন, আদালত ও বিচার করবে।’
প্রতিনিধির নাম 





















