ইরান চলতি বছরের ২১ মার্চের মধ্যে শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলের তিনটি স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, মহাকাশশিল্পের উন্নয়ন ইরান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাশিয়ার সহযোগিতায় তিনটি ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
পায়া, জাফর ও কাওসার নামের এই তিনটি স্যাটেলাইট সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে তৈরি করা হয়েছে।
হাশেমি জানান, চাবাহার স্পেস সেন্টারের প্রথম ধাপের নির্মাণকাজ প্রায় ৯৮ শতাংশ শেষ হয়েছে। এই কেন্দ্রটি যোগাযোগ ও রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হবে।
এছাড়া, নাহিদ-২ স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। হাশেমি বলেন, এই স্যাটেলাইটটি প্রথমবারের মতো কু-ব্যান্ড প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং টেলিযোগাযোগের কাজে ব্যবহার করা হবে।
শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলে মোট ২৪টি স্যাটেলাইট থাকবে, যার মধ্যে ১৮টি মূল স্যাটেলাইট এবং ছয়টি রিজার্ভ হিসেবে রাখা হবে।
প্রতিনিধির নাম 























