ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ছাত্রদল জানায়, জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়ার বক্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ প্রতিবাদ জানিয়েছিল, যা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে দেয়।
বিবৃতিতে বলা হয়, ডাকসুর বর্তমান নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট ও অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে। তারা সংগঠনটিকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে এবং ঐতিহাসিক স্থানগুলোকে বিকৃত করার চেষ্টা রোধ করতে হবে। তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধির নাম 
























