শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ ১১ সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহকে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলের ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির এই অবস্থান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জিন্নাহর একটি সাদাকালো প্রতিকৃতি প্রকাশ করা হয়। সেখানে তার জন্ম ও মৃত্যুর তারিখ হিসেবে উল্লেখ করা হয়— ২৫ ডিসেম্বর ১৮৭৬ থেকে ১১ সেপ্টেম্বর ১৯৪৮। পোস্টে জিন্নাহকে উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ ও পাকিস্তানের রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হিসেবে অভিহিত করা হয়।
জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ঢাকা সফর করেন এবং সেখানে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেন। এই মন্তব্য পূর্ব বাংলার জনগণের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হিসেবে দেখা হয়, যা পরবর্তীতে বায়ান্নর ভাষা আন্দোলনের ভিত্তি তৈরি করে।
ফেসবুকে পোস্টটি প্রকাশের পর সাধারণ ব্যবহারকারী, অধিকারকর্মী ও রাজনৈতিক সচেতন মহলে বিতর্কের সৃষ্টি হয়। অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত এনেছিল, তার প্রতি শ্রদ্ধা জানানো রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক।
সমালোচকরা উল্লেখ করেন, পাকিস্তান রাষ্ট্রের কাঠামো পূর্ব বাংলার জনগণকে দীর্ঘ সময় ধরে শোষণ করেছে, যার পরিণতি ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। তারা বলেন, জিন্নাহকে মহিমান্বিত করা বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চেতনার প্রতি অবমাননা।
প্রতিনিধির নাম 





















