ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি জানান, ইউজিসি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছে না এবং গবেষণা ও উচ্চ শিক্ষায় ফান্ড প্রদানে ‘মেরিট’কে প্রাধান্য দিচ্ছে। তিনি আরও জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার ৫ ভাগ কমিয়েছে এবং আরও ৫ ভাগ কমানোর চেষ্টা চলছে।
অধ্যাপক ড. মামুন আহমেদ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের সাফল্যের জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং নবীন শিক্ষার্থীদের ক্লাবগুলোতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ৩০ বছর আগে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেধাবী সন্তানদের মান সম্পন্ন উচ্চ শিক্ষা দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল, যা অনেকটাই বাস্তবায়িত হয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞান এবং যুগের চাহিদা অনুযায়ী দক্ষ হিসেবে তৈরি করছে। অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী এবং নবীনদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী খাইরুল আনাম শাকিলের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 























