নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কুরপাড় এলাকা থেকে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে নিয়ে যান।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধির নাম 
























