যুক্তরাষ্ট্রে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য জিএলপি-১ জাতীয় ওজন কমানোর ওষুধের প্রেসক্রিপশন লেখার প্রবণতা ৩০০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সাল থেকে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার প্রকাশিত এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকরা শিশুর অতিরিক্ত শারীরিক চর্বি কমানোর জন্য নতুন ও কার্যকর উপায় খুঁজতে গিয়ে এই ওষুধগুলো ব্যবহার করছেন।
গবেষণায় আট থেকে এগারো বছর বয়সী স্থূলতা আছে কিন্তু ডায়াবেটিস নেই এমন ৩৫ লাখেরও বেশি শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, জিএলপি-১ ওজন কমানোর ওষুধের ব্যবস্থাপত্র ২০১৯ সালের ০ দশমিক ০৩ শতাংশ থেকে বেড়ে জুন মাসে ৯ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।
যদিও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধগুলো ব্যবহারের অনুমোদন নেই, তবে ক্লিনিক্যাল নির্দেশিকা অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আট বছর বয়সী শিশুদের স্থূলতার চিকিৎসায় এই ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে।
গবেষণায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ৯৪ শতাংশ গুরুতর স্থূলতায় ভুগছিলেন এবং প্রায় ৬৫ শতাংশের উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা ছিল। গবেষকরা জানিয়েছেন, জিএলপি-১ ওষুধের ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে, তবে এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
প্রতিনিধির নাম 

























