শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা নগদ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই, মাদকমুক্ত এবং নৈতিকতা গুণসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে। এ জন্য বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু এবং খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “স্কাউটিং থেকে অনেক কিছু শেখার আছে। কীভাবে জনসেবা করতে হয়, নেতৃত্ব দিতে হয় এবং দেশের জন্য আত্মত্যাগ করতে হয়-সেটা স্কাউটিংয়ের মাধ্যমে শেখা যায়।”
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 






















