আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীর কাওরানবাজার সিগন্যাল এলাকায় শ্রমজীবী প্রবীণ রিকশাচালকদের মাঝে সুপেয় পানি ও নাস্তা বিতরণ করেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। তীব্র গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় থাকা প্রায় পাঁচ শতাধিক প্রবীণ রিকশাচালকের হাতে সুপেয় পানি ও নাস্তা তুলে দেওয়া হয়। এ সময় তাদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (অবসরপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহেল বাকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিঠু। এছাড়া সিডিএফের উপদেষ্টা মোঃ তাহাজ্জত আলী বাবু, সদস্য মোঃ শরিফুল ইসলাম ফাহিম ও মোঃ সুমন রানা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তারা মূল্যবান সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। বক্তারা প্রবীণদের প্রতি সম্মান ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানান।
কর্মসূচির মাধ্যমে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও মানবিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
প্রতিনিধির নাম 











