কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের এলাকার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে দুই জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করার দায়ে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামের, আবু সাঈদ (৫৫), পিতা: মৃত ইমাম বক্স, একই গ্রামের কানু হালদার (৫৫), পিতা: মৃত শরৎ হালদার।
বিজিবি’র চিলমারী ক্যাম্পের নায়েব সুবেদার মো আফছার আলি জানান, দুপুরে ওই দুই ভারতীয় নাগরিক আলিমডোবা মাঠ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে, চিলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। পরবর্তীতে, বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফ-এর অনুরোধের প্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় মানবিক বিবেচনায় তাদের নিজ দেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই প্রেক্ষিতে, গত ০৪ মার্চ ১৭৩০ ঘটিকা থেকে ১৭৪০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন এলাকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর চরভদ্রা কোম্পানি কমান্ডার-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের মাধ্যমে আটককৃত ভারতীয় নাগরিকদের বিএসএফ-এর নিকট সুস্থভাবে হস্তান্তর করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এন এইস সোহান, কুষ্টিয়া : 









