বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু, শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ এবং কওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি জানিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘জাতীয় ছাত্র কনভেনশন’ থেকে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।
১৩ দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থার সব স্তরে কোরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, সেশনজট নিরসন, নিয়োগ ও সব পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ করে মেধার মূল্যায়ন করা এবং ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য, র্যাগিং, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা। এছাড়া, শিক্ষা ফি, কাগজ, কলম ও বইসহ শিক্ষা উপকরণের দাম কমানো এবং বিশ্ববিদ্যালয়গুলোয় শতভাগ আবাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।
কনভেনশনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা ও বেকারত্ব দূর করতে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।’ তিনি বর্তমান শিক্ষাব্যবস্থায় ইসলামী মৌলিক শিক্ষার ঘাটতি এবং বহুধারার শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় কনভেনশনে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রথম শহীদ আরমানের বড় ভাই মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, আলেম ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 
























