রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরডাপ ভবনে ‘পারস্যুইং ক্লাইমেট জাস্টিস: রোড টু ইউএনজিএ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর বাড়তি পরিবেশগত চাপ তৈরি করেছে। তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, আসন্ন কপ সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন। বাংলাদেশ জলবায়ু অর্থায়নকে আরও অনুদানভিত্তিক করার দাবি তুলবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায়। পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার কথাও জানান তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের চারটি প্রধান দাবি হলো—লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ও ক্লাইমেট ফান্ডের অর্থ বাস্তবে পৌঁছানো, জলবায়ু অর্থায়ন সহজ করা, ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং জলবায়ু নীতিতে জেন্ডারভিত্তিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা।
প্রতিনিধির নাম 























