স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে ইঙ্গিত করে জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান বলেছেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কথায় যেন অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন। তিনি এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেন, ‘আমি যখন কথা বলব, তখন লক্ষ্য রাখতে হবে আমার কথায় অন্য কেউ যেন আঘাতপ্রাপ্ত না হন। আমি যেমন যেকোনো কথা বলতে পারব, আবার মনে রাখতে হবে আমার বক্তব্য যেন অশালীন না হয়।’
এর আগে, রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে হুইপ বলেন, ‘রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে সংসদ নেতা বলেছেন, আমাদের সহ্য করতে হবে। গণতন্ত্রের নামই হলো ধৈর্য।’
দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন জাতীয়ভাবেই গ্যাস-বিদ্যুতের সংকট চলছে। জনগণকে আমরা এই সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে।’
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘মাদক সুপরিকল্পিত উপায়ে আমাদের এখানে আনা হয়। প্রধানমন্ত্রীর প্রধান অগ্রাধিকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ।’
প্রতিনিধির নাম 
























