চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি সন্তানের বাবা হয়েছিলেন।
নিহত সৈনিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে। সদ্যজাত সন্তানকে রেখে তার আকস্মিক চলে যাওয়া পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস ছিলেন পরিবারের তিন বোনের একমাত্র ভাই। তিনি শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা জানিয়েছেন, সৈনিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।
প্রতিনিধির নাম 























