গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৩২ টি মাদ্রাসা ও এতিমখানায় ১৫ হাজার কেজি লবন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ লবন বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লবন বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ আনসার আলীসহ বিভিন্ন মাদ্রাসার মোহতামিমগণ উপস্থিত ছিলেন।
রাজিয়া খাতুন কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ক্বারী বশির বিন সামসুদ্দিন বলেন, সংরক্ষণ করে রাখার অভাবে ঈদের দিনই কোরবানির পশুর সংগ্রহিত চামড়াগুলো বিক্রি করে দিতে হয়। এতে আমরা অনেক সময় দাম কম পাই। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবন সরবরাহ করেছে। পাশাপাশি পশুর চামড়া কিভাবে সংরক্ষণ করতে হয় তা শিখিয়ে দিয়েছে। এই প্রথম কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবন দেওয়া হলো। আশারাখি পশুর চামড়া সংরক্ষণ করে অন্যান্যবারের চেয়ে এবছর আমরা বেশি দামে চামড়া বিক্রি করতে পারবো।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, প্রতিটি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা তাদের কোরবানির পশুর চামড়াগুলো সাধারণত মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে থাকেন। এই চামড়াগুলো সংরক্ষণের অভাবে তারা ঈদের দিনই কম দামে বিক্রি করে থাকেন। এতে মাদ্রাসা ও এতিমখানা চামড়ার ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত হয়। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণের জন্য এ লবন দেওয়া হয়েছে।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















