ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর উদ্যোগে মানিকগঞ্জ অঞ্চলের প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাকের নতুন উদ্ভাবিত আমন ধান বীজ রাজা বিনামূল্যে বিতরণ শুরু করেছে ব্র্যাক ।
এ উপলক্ষে বৃহস্পতি দুপুরে ঘিওর ব্র্যাক শাখা অফিস মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে দু’টি প্যাকেট করে বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় এলাকা মাইক্রো ফাইন্যান্স উর্ধ্বতন এলাকা ব্যবস্থাপক রাজিবুল হাসান। ঘিওর ব্র্যাক শাখা মাইক্রো ফাইন্যান্স ব্যবস্থাপক (দাবী) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মানিকগঞ্জ আঞ্চলিক অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, টিএসও হারুনুর রশীদ প্রমুখ। এরআগে বানিয়াজুরী ইউনিয়নের ৪০ জন কৃষকের মাঝে এই ধানের বীজ বিতরণ করা হয়েছে । পরীক্ষা মূলকভাবে মানিকগঞ্জ অঞ্চলের ৪০০ কৃষকের মাঝে ব্র্যাকের এই নতুন উদ্ভাবিত রাজা ব্রান্ডের আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধানের গাছ কোমড়ের উপরে পর্যন্ত লম্বা হওয়ায় অতি বৃষ্টি কিংবা সাধারণ বন্যায় তলিয়ে যাবে না। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কৃষকের লোকসানের ঝুঁকি কমাবে। এছাড়াও অন্যান্য জাতের ধান বীজ থেকে যেখানে বিঘা প্রতি ১২/১৩ মন ধান পাওয়া যায় সেখানে ব্র্যাক উদ্ভাবিত রাজা ব্রান্ডের আমন ধানের এই বীজ থেকে প্রতি বিঘায় ২২ থেকে ২৩ মন ধান পাওয়া যাবে বলে তারা আশাবাদী। হাইব্রিড জাতের রাজা আমন ধানের চাউল চিকন হওয়ার কারণে খেতেও সুস্বাদু হবে বলে আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন।
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ 


















