কালর্ভটের মুখ বন্ধ করে সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল ইউনিয়ন বিএনপির সদ্যগঠিত কমিটির সভাপতি এ্যাপোলো তালুকদারের বিরুদ্ধে।
গোপালগঞ্জের কোটালীপাড়া ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তে খাল দখল করে বিএনপি নেতা এ্যাপোলো তালুকদার পাকা ভবন নির্মাণ করায় বাজার কমিটি ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ্যাপোলো তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের লাল মোহন তালুকদারে ছেলে ও সদ্য গঠিত রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, এ্যাপোলো বিএনপির নেতা ও স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়াতে তার বিরুদ্ধে বলতে ভয় পাচ্ছে এলাকাবাসী। কালভার্টের সামনে পাকা ভবন নির্মাণ করাতে জমির পানি ও উপজেলার রাজিহার-বাটরা রামশীল খালের পানি প্রবাহের বাঁধা হবে। বিষয়টি দুই উপজেলার সহকারি কমিশনার ভূমিকে জানানো হয়েছে।
বাটরা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রাজিহার ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক পরিতোষ রায় বলেন, পানি চলাচল বন্ধ করে সরকারি খালের ভিতরে পাকা ভবন তৈরি করা ঠিক হচ্ছে না। এটা বেআইনী। অ্যাপোলো তালুকদার দলীয় প্রভাব খাঁটিয়ে পাকা ভবন নির্মাণ করছেন।
এবিষয়ে নির্মাণকাজের মিস্ত্রী বাটরা গ্রামের গৌরঙ্গ বৈষ্ণবের ছেলে নিখিল বৈষ্ণব বলেন, খালের ভিতরে পাকা ভবন করায় পানি চলাচল ও ইরি-বোরো মৌসুমে পানি সেচের সমস্যা হবে। বর্ষার পানি নামতে না পারলে মানুষ পানিতে ডুববে। আমার পেটের দায়ে কাজ করছি।
রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো.ইলিয়াস তালুকদার বলেন, খালের মধ্যে পাকা ঘর তোলা বেআইনি। ঘর তোলার কারনে পানি সরবরাহ বাধাগ্রস্থ হবে। বোরো চাষের সময় খালে পানি থাকে না।
এ বিষয়ে অভিযুক্ত রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদার সাংবাদিকদের বলেন, আমি কালভার্টের মুখে খালের ভিতরে পাকা ভবন নির্মাণ করছি একথা সত্য। ওই জায়গাটা কোটালিপাড়া ও আগৈলঝাড়ার সীমান্ত।
আগৈলঝাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, বিষয়টি আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি তদন্তের জন্য। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কোটালিপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, বিষয়টি আমিও জেনেছি। খালের ভিতরে সরকারি সম্পত্তিতে পাকা ভবন করা অবৈধ। আমি স্থানীয় তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। দুই উপজেলার সীমান্ত হওয়াতে সমন্বয় করে ব্যবস্থা গ্রহন করা হবে।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















