জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও অপমানজনক তথ্য ছড়িয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন তিনি।
শনিবার (৩ মে) এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক সূর্য। অভিযোগে উল্লেখ করা হয়, আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২) ফেসবুকে ‘জাতীয়তাবাদী যুবদল’ ও ‘md rokon’ আইডি ব্যবহার করে সাংবাদিক সূর্যের ছবি ও নাম সংযুক্ত করে মিথ্যা এবং বানোয়াট তথ্য প্রকাশ করেন।
সূর্য অভিযোগ করেন, তিনি পোস্টটি দেখার পর অভিযুক্তদের ফোন করে তা সরিয়ে ফেলার অনুরোধ করেন, কিন্তু তারা তার অনুরোধ উপেক্ষা করে উল্টো তাকে ভয়ভীতি দেখান ও শাসিয়ে দেন।
তিনি বলেন, “আমাকে উদ্দেশ্যমূলকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
লালমনিরহাট প্রতিনিধি 


















