কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁ-ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে সাময়িকভাবে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল,
২. ১০৮৬টি অবৈধ পদোন্নতির রায় স্থগিত করে আইনি পদক্ষেপ গ্রহণ,
৩. আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কারিকুলাম সংস্কারপূর্বক ইংরেজি মাধ্যমে চালু,
৪. ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডের পদে অন্যান্যদের নিয়োগ বন্ধ,
৫. কারিগরি শিক্ষায় শিক্ষিত প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ,
৬. একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়সহ চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা।
শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির ও নোমান বলেন, “আমরা ৯ সেপ্টেম্বর থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো বাস্তবায়ন হয়নি কোনো দাবি। বরং বিতর্কিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের আন্দোলনকে উপেক্ষা করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাস করি।”
তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
শ্লোগানে শিক্ষার্থীরা বলেন— “ছাত্রদের রাজপথে নয়, শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দিন। ৬ দফা বাস্তবায়ন করো, শিক্ষা বাঁচাও—কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও।”
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি 


















