নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় দলিল লেখক সমিতির সিন্ডিকেটের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন দীর্ঘ ২৪ বছর ধরে কর্মরত অভিজ্ঞ দলিল লেখক সাজেদুল আলম। সোমবার (৭ মার্চ) দুপুরে নওগাঁ শহরের একটি সংবাদ সম্মেলনে তিনি নিজের উপর ঘটে যাওয়া এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সাজেদুল আলম বলেন, “দীর্ঘদিন ধরে আমি নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে সুনামের সাথে দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এতদিন ধরে এক দলিলে একাধিক মৌজার জমি রেজিস্ট্রি করার প্রচলন চলমান ছিল এবং অফিস কর্তৃপক্ষ তাতে কোনো আপত্তি জানায়নি। কিন্তু সম্প্রতি কিছু সিন্ডিকেট সদস্য অতিরিক্ত অর্থ আদায়ের লক্ষ্যে এক দলিলে শুধুমাত্র এক মৌজার জমি রেজিস্ট্রির বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “এই অনৈতিক প্রক্রিয়ার বিরোধিতা করায় কোনো নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই আমাকে সাময়িক বরখাস্ত করেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ। অন্যদিকে, যারা নিয়ম ভেঙে এক দলিলে একাধিক মৌজার জমি রেজিস্ট্রি করছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সিন্ডিকেটের পক্ষে থাকা ব্যক্তিরা নিরাপদেই রয়েছেন।”
সাজেদুল আলম জানান, বর্তমানে ১৩ জন সনদবিহীন ব্যক্তি অবৈধভাবে দলিল লেখক হিসেবে কাজ করছেন। তারা নিয়মবহির্ভূতভাবে রেজিস্ট্রি কার্যক্রমে যুক্ত থেকেও বহাল থাকছেন, অথচ বৈধ সনদধারী হয়েও তিনি শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করায় বরখাস্ত হয়েছেন।
শেষে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন অবৈধ এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং আমাকে পুনর্বহাল করে আমার পেশাগত জীবন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।”
প্রতিনিধির নাম 


















