বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, রাজনীতি করতে গিয়ে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতাকে কখনো যেন প্রতিহিংসায় রূপ দেওয়া যাবে না। ছোট খাটো ভুল ত্রুটি যদি নিজেদের মধ্যে হয়ে থাকে, মতভেদে হয়ে থাকে তাহলে আমাদের সেটি ভুলে যেতে হবে।
আজ শনিবার (৫ এপ্রিল) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ টি বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমার ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন সংগ্রাম করিনি। আমরা এদেশের মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান একটি কথা বলতেন- ‘একজন দলের প্রকৃত কর্মী সেই, যে দুঃসময়ে দলকে ফেলে পালিয়ে যায়না, ঠিক সুসময় যখন আসে তখন তার চরিত্র হারায় না’। তাই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কে ধারণ করে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আপনাদের মনে রাখতে হবে একটি বৃহৎ শক্তির সাথে লড়াই করে এখানে টিকে থাকতে হবে।
উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















