কুষ্টিয়া সীমান্তে দেশীয় ধারালো অস্ত্রসহ ১ জন কুখ্যাত বাংলাদেশী মাদক চোরাকারবারী আটক এবং ৭ লক্ষ ২৯ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলের মাহবুব মোর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, আজ ৩ এপ্রিল সকাল ১১.২০ মিনিটে ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা নামক স্থানে হাবিলদার মোঃ আজগর আলী (পরিচিত নম্বর ৫৫৬৭৩) এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় ধারালো অস্ত্রসহ (বল্লম-১টি, হাশুয়া-১টি ও ছুরি-১টি) কুখ্যাত মাদক চোরাকারবারী মোঃ রিংকু বিশ্বাস (৩৫), পিতাঃ মৃত নুরাল বিশ্বাস, গ্রামঃ শকুনতলা, পোস্ট-মহিষকুন্ডি, থানাঃ দৌলতপুর ও জেলা-জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ৫ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ১টি টর্চ লাইট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং বাংলাদেশী নগদ ৫২২/- টাকাসহ আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৪(ক) মোতাবেক মামলা দায়ের পূর্বক ধৃত আসামীকে আটককৃত মালামালসহ দৌলতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে, যার মামলা নং ০৩ তারিখ ০৩ এপ্রিল ২০২৫।
এছাড়াও, গত দুই দিনে আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০.২৭০ কেজি হেরোইন, ১৬ বোতল ফেন্সিডিল, জয়পুর বিওপি’র সীমান্ত এলাকায় ভারতীয় ৩৭৭ বোতল ফেন্সিডিল এবং মহিষকুন্ডি বিওপি’র সীমান্ত এলাকায় ০৯ বোতল মদ আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য-৭,২৯,২২২/- (সাত লক্ষ ঊনত্রিশ হাজার দুইশত বাইশ) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এই সকল মাদকদ্রব্য উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
এন এইস সোহান, কুষ্টিয়া 


















