সীমান্তবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ এবং এক এতিম কিশোরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিজিবি’র মানবিক সহায়তায় গবাদি পশু প্রদান করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।
আজ ২৯ মার্চ সকাল ১০ হতে ১১ ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর নেতৃত্বে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ ৪২টি পরিবারের মাঝে ঈদ উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই পরিবারগুলো বিজিবি’র অনুপ্রেরণায় মাদক ব্যবসা ত্যাগ করে সৎ পথে জীবিকা নির্বাহে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। উপহারস্বরূপ প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম বনফুল লাচ্ছা সেমাই, ৪০০ গ্রাম মুড়ি ও ১ কেজি পোলাও চাল প্রদান করা হয়।
একই দিনে মানবিক বিবেচনায় অধিনায়ক মহোদয় এতিম কিশোর মোঃ মনিরুল ইসলাম কালু (বয়স ১১), পিতা-ফজর আলী, গ্রাম-আতারপাড়া, ডাকঘর-চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’র হাতে একটি গবাদি পশু তুলে দেন, যাতে সে নিজে তা লালন-পালন করে ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। উল্লেখ্য, মনিরুলের মা ২০২১ সালে পারিবারিক কলহে আত্মহত্যা করেন এবং তার পিতা পুনরায় বিবাহ করে অন্যত্র বসবাস করছেন। বর্তমানে সে তার বৃদ্ধ নানা-নানীর আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে। বিজিবি কর্তৃক পূর্বে আটককৃত একটি গবাদি পশু কাস্টমস কর্তৃক নিলামের মাধ্যমে প্রাপ্ত হয়ে মনিরুলকে প্রদান করা হয়। সমাজে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে এই মহতী পদক্ষেপ গ্রহণ করা হয়, যা সমাজের অন্যান্য সম্ভাবনাময় ও অসহায় শিশুদের ভবিষ্যৎ গড়ার পথে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সেই র অধিনায়ক মহোদয় উদয়নগর সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রমত্ত পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে নির্মীয়মান প্রায় ০২ কিলোমিটার দৈর্ঘ্যের স্থায়ী বাঁধ প্রকল্পের অগ্রগতি ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা রক্ষা পাবে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই বাঁধটি সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানস্থলে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বিজিবি’র এই মহানুভবতাপূর্ণ ও মানবিক উদ্যোগে উপস্থিত সকলেই গভীর প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
এন এইস সোহান জেলা প্রতিনিধি কুষ্টিয়া 


















