ফরিদপুর সদরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বকুল খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বকুল খান ওই গ্রামের মৃত: আবুল হোসেন খানের ছেলে।
জানা গেছে, শুক্রবার সারাদিন অটো বাইক চালিয়ে প্রতিদিনের মত তার নিজ বাড়িতে চার্জ দিতে যায়।
তখনই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে।
আনুমানিক রাত ২ টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের খোঁজ নেন। ঘরে না দেখতে পেয়ে অটো চার্জ দেওয়ার স্থানে দেখতে যায়। তখন তাকে অটোর পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন জানান, ইজিবাইক চার্জ দেয়ার সময় চালক বকুল খান নামের যুবক তার নিজ বাড়ীতে মারা গেছেন। তার লাশ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রানা অর্ণব (ফরিদপুর) প্রতিনিধি 


















