বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমার দ্বারা কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হবে না।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য একথা বলেন।
বাবুল আরও বলেন, আমি উড়ে এসে জুড়ে বসে নাই। মানুষের সাথে ছিলাম, দলের সাথে ছিলাম। খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল ছিলাম। আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি। তাদের সিদ্ধান্তে দলের এই দায়িত্ব আমি আমানত হিসেবে নিয়েছি। আমি আপনাদের পাশে থেকে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে কাজ করতে চাই। আপনার আমার পাশে থাকলে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনকে আমি বিএনপি’র দুর্গ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৩হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
উপজেলা বিএনপি’র আহবায়ক কাজী বদরুতজামান বদুর সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর বিএনপি’র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ভাংগা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ সদরপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা।
রানা অর্ণব, ফরিদপুর 


















