শেরপুরে এক্সকেভেটর বহনকারী মাহিন্দ্র ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন (২৩) ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।আহতদের মধ্যে তিনজন নারী ও শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইগাতীগামী এক্সকেভেটর বহনকারী লো-বেড মাহিন্দ্র ট্রাকটি একটি বাসকে সাইড দেয়ার সময় শেরপুরগামী যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইজিবাইক চালক অন্য যাত্রীরা। পরে এলাকাবাসী চিৎকার শুনে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাত্রী মুসলিম উদ্দিন ও ইজিবাইক চালক আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নিয়ে যাবার পথে মুসলিম উদ্দিন মারা যান। বাকিরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম শনিবার দুপুরে বলেন, ঘটনার পরপরই ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
NUSRAT JAHAN 


















