সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি তেলবাহী ট্যাংকারে পাঁচ নাবিককে হত্যা করা হয়েছে। সোমালিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে জাহাজটি উদ্ধার করা হয়েছে এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পালাউয়ের পতাকাবাহী এমটি অনার ২৫ ট্যাংকারে নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানের, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২১ এপ্রিল জলদস্যুরা ট্যাংকারটি জিম্মি করে। জাহাজে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। উদ্ধার অভিযান শুরুর আগেই জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।
কেনিয়ায় ভারতীয় দূতাবাস এক্স-এ পোস্টে ভারতীয় নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা অন্য ভারতীয় নাবিকরা নিরাপদে আছেন।
পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, এমটি অনার ২৫ এখন নিরাপদ এবং সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান চলছে। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার উপকূলে জলদস্যু তৎপরতা আবার বেড়েছে।
প্রতিনিধির নাম 












