রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ডের উদ্দেশে তাদের বহনকারী একটি বিশেষ ট্রেন আক্রান্ত হওয়ার আগেই যাত্রা স্থগিত করা হয়।
ওই ট্রেনে বরিস জনসনসহ ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। এর কিছুক্ষণ আগে একই রেলপথে পোল্যান্ডের সীমান্তের কাছে আরেকটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলার ঘটনা ঘটে। জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের ঘনিষ্ঠ উপদেষ্টা গুন্টার সাউটারও ওই ট্রেনে ছিলেন। তারা রাতে কিয়েভ থেকে পোল্যান্ডের দিকে রওনা হয়েছিলেন এবং রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোলিশ সীমান্তের কাছে ট্রেনটি থামানো হয়।
রোববার ভোরে কিয়েভ থেকে ওয়ারশগামী একটি যাত্রীবাহী ট্রেনে পোলিশ সীমান্তের কাছে ড্রোন হামলা হয়। ট্রেনটির পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে, তবে এতে কেউ আহত হননি।
সাউটার রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সঙ্গে আলোচনার জন্য কিয়েভে ছিলেন। সম্মেলন শেষে পোল্যান্ডে ফিরছিলেন বরিস জনসনও। ডের স্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের সতর্কবার্তা পাওয়ার পর ট্রেনের যাত্রীদের কিছু সময়ের জন্য সরিয়ে নেয়া হয়েছিল।
প্রতিনিধির নাম 























