পঞ্চগড়ে বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
বক্তারা অভিযোগ করেন, বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, যা সামাজিক নানা সমস্যা সৃষ্টি করছে এবং বাল্যবিয়ের প্রবণতাও বাড়াচ্ছে।
মানববন্ধন থেকে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধের দাবিও জানান তাঁরা।
কর্মসূচিতে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 












