হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইটে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য। তারা যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন। তাদের অভিযোগ, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিজি৩৩৮ ফ্লাইটটি। কিন্তু বেশির ভাগ যাত্রী তিন ঘণ্টা পরও ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি।
লিখিত অভিযোগে বলা হয়, ওই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন। লাগেজ না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো যৌক্তিক কারণ জানানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। ফলে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগটি দেওয়া হয়েছে, যাতে দ্রুত সমাধান করে যাত্রীদের লাগেজ বুঝিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন অভিযোগপত্রের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন এবং ভোগান্তির সমাপ্তি সম্পর্কে প্রশ্ন তুলেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 














