রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে একটি ব্যাগের ভেতর বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়। এলাকায় আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চলছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, তাদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগে বেশ কিছু বোমা পাওয়া গেছে এবং সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চলছে। তবে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো বা এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধির নাম 























