সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস মীমাংসা করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। তিনি আদালতকে জানিয়েছেন, কারাগারে থাকা নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে কোনো আপত্তি নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছে।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত সোমবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে পাঠানো হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে ন্যাম ভবনের ফ্ল্যাটে শয়নকক্ষে থাকতেন এবং দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো।
গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করা হয়।
প্রতিনিধির নাম 













