বরগুনা আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মো. খায়রুল আলম ও মো. বশির উল্লাহ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা আদালতে আসেন।
এ সময় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এবং আইনজীবীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। পরবর্তীতে আমতলী থানা ও আদালত পুলিশের সদস্যরা বিচারপতিদের গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে বিচারপতিরা আদালতের এজলাসে বসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আদালতের বিভিন্ন কার্যক্রম ও বিচারসংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরে আমতলী বারের এপিপি মাহাবুব আলমের আমন্ত্রণে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারক ইফতি হাসান ইমরান আদালতের উন্নয়ন কার্যক্রম, মামলার তালিকা ও নিষ্পত্তির তথ্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় আইনজীবীরা আমতলীতে সিভিল জজ আদালত স্থাপনের বিষয়ে প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার দাবি জানান। তারা আদালতের সার্বিক উন্নয়ন এবং বিচারকদের আবাসনের ব্যবস্থা করার বিষয়েও বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিচারপতিরা আমতলী বার ও বেঞ্চের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং আইনজীবীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
প্রতিনিধির নাম 























