ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে রাশিয়ায় ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে এবং আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পুতিন একটি প্রেসিডেনশিয়াল আদেশে সক্রিয় রুশ সেনাসদস্যের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার করার নির্দেশ দেন। এর ফলে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ২৪ লাখ ৪১ হাজার ৬৩০ জনে। গত আগস্টেও সেনাসংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এসব সেনাকে প্রশিক্ষণ দেওয়া এবং পরবর্তী সময়ে রাশিয়ায় পাঠানোর জন্য বাছাই করা হচ্ছে।
গত বছর পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিশ্চিত করেন যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া সেনা পাঠিয়েছে। ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়াকে সহায়তা করতে আনুমানিক ১৫ হাজার সেনা পাঠানো হয়েছে।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, একটি আবাসিক ভবনের আঙিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। সোমবার জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় ৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন।
প্রতিনিধির নাম 






















