একক কণ্ঠের সাফল্যের পর এবার দলবদ্ধ কণ্ঠে নতুন রূপ পাচ্ছে শ্রোতাপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি নতুন সংগীতায়োজনে গাইছেন পাঁচ শিল্পী। সুমী শবনম, সালমা, তসিবা ও জারিনের সঙ্গে এবার নিজের কণ্ঠও যুক্ত করেছেন রোহান রাজ।
গানটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সুকুমার বাউলের কণ্ঠে। তার গাওয়া ‘মানুষ বড়ই স্বার্থপর’ বিভিন্ন প্ল্যাটফর্মে ইতোমধ্যে ২০ কোটিরও বেশি ভিউ পেয়েছে। পরবর্তী সময়ে গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজর কাড়েন এই প্রজন্মের শিল্পী তসিবা। তার কণ্ঠের সংস্করণটিও প্রায় ৯০ লাখ ভিউ অর্জন করেছে।
রোহান রাজ জানান, পাঁচ শিল্পীর কণ্ঠে গানটির ভয়েস রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি লোকেশনে ধারণ করা হয়েছে মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন মাসুম খান।
গানটির নতুন সংস্করণ নিয়ে রোহান রাজ বলেন, 'সুমী শবনম ও সালমা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন গানটি তারা গাইতে চান। তাই সবাইকে নিয়ে নতুন করে গানটি তৈরি করলাম। আমি নিজেও গেয়েছি।'
গানটির সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে সুমী শবনম বলেন, 'গানটি প্রথম শুনে খুব কেঁদেছিলাম। যেদিন শুনলাম এটা আবার তৈরি হচ্ছে, নিজেই আবদার করি গানটির সঙ্গে যুক্ত থাকার জন্য।'
নতুন সংস্করণের মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। নকিব সোহাগের ই-সাউন্ড মিউজিক নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।
প্রতিনিধির নাম 

























