নেপালের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সাম্প্রতিক আকস্মিক বন্যার কারণে বাংলাদেশে দেশটির বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বন্যার ফলে তা ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানান, গত ২৬ আগস্টের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ কেন্দ্র দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। বিকল্প হিসেবে অন্য কেন্দ্র থেকে বিদ্যুৎ পাঠানোর জন্য ভারতের অনুমতি চাওয়া হয়েছে। নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির এই সংযোগ সম্প্রতি শুরু হয়েছিল।
বন্যার কারণে অন্তত ১২টি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সানজেন, আপার সানজেন ও সালাসুনগি কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রেখে স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এছাড়া, ভারতীয় অনুমোদন নবায়ন না হওয়ায় আরও ৭৩ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে পারছে না নেপাল। নেপালের সাবেক জ্বালানি মন্ত্রী কুলমান ঘিসিং জানান, বিদ্যুৎ রপ্তানির অনুমোদন নিশ্চিত ও নবায়নের জন্য কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করা প্রয়োজন।
প্রতিনিধির নাম 
























