ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক নারী শিক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের
এইচএসসি-২০২৬ পরীক্ষায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তাঁর ফুফাতো ভাই ইনজামুল হক পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তাঁর
ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কার্ডে উল্লিখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে মিল না থাকায় কর্তব্যরত কর্মকর্তাদের

সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, প্রবেশপত্র
যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় মিল না থাকায় আমরা ভুয়া প্রবেশপত্রের বিষয়টি নিশ্চিত হই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়। ঘটনার পর আটক দুজনকে
কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
NEWS 21 STAFF RAFI 








