রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন।
পোস্টে রাশেদ খান জামায়াত আমিরকে কটাক্ষ করে সরকারের উচ্ছেদ কার্যক্রমে জামায়াত আমির ও তার দলের বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি লেখেন, ‘আমাদের জান্নাতি দাদু কখনোই ঢাকা শহরকে পরিকল্পিত নগরী হতে দিবে না।’
রাশেদ খান আরও অভিযোগ করেন, মূল সড়ক থেকে অটোরিকশা উচ্ছেদ, বস্তিবাসীদের স্থানান্তরে বাধা এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রমে জামায়াত আমির ও তার দল বাধা দিয়েছে। তিনি বলেন, ‘সরকারের প্রতিটা জনবান্ধব পরিকল্পনা বাস্তবায়নে এভাবেই পদে পদে বাধার শিকার হতে হচ্ছে।’
এদিকে, বুধবার মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংঘর্ষের সময় সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশের সদস্যদের সঙ্গেও সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষ ঘটে।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি না করে জনগণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দেন।
প্রতিনিধির নাম 











