পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল কর্মী সৈয়দ মো. সোহাগের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী মো. নাইম হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাউফল থানায় অভিযোগ করেন নাইম হোসেন, যিনি উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের বাবলু চৌকিদারের ছেলে। নাইম শৌলা তারের পোল বাজারে কীটনাশক বিক্রির পাশাপাশি ট্রলি গাড়ির ব্যবসা পরিচালনা করেন। অভিযুক্ত সৈয়দ মো. সোহাগ কালাইয়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ প্রায় ২০ দিন আগে নাইমের দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় নাইম তালা ভেঙে দোকানটি খুলে ব্যবসা শুরু করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সোহাগ নাইম ও তার বাবাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং গত মঙ্গলবার অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন।
নাইমের বাবা বাবুল চৌকিদার জানান, সোহাগ বাজারের একটি তেলের দোকানে ডেকে নিয়ে ট্রলি চালানো ও তরমুজ পরিবহনের বিনিময়ে টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে ফোনেও তাকে হুমকি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সৈয়দ মো. সোহাগ বলেন, নাইমের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তিনি দাবি করেন, নাইম তার এক আত্মীয়ের তরমুজ পরিবহন করেননি। দোকানে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 

























