কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙন সৃষ্টি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে। এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল-এ পৌঁছালে জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে আবারও কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী পানি নিষ্কাশন কার্যক্রম চলবে।
প্রতিনিধির নাম 





















