বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, কাফরুল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি ২০২৫ সালের ৫ মার্চ নথিভুক্ত হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার ও সরকারের পতনের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনের প্রেক্ষাপটে ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে অভিহিত করেন।
আবেদনে আরও বলা হয়, ১৫ জুলাই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় আন্দোলন দমনে নির্দেশনা দেওয়া হয়। পরদিন ১৬ জুলাই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
মামলার অভিযোগে বলা হয়, ১৮ জুলাই রাতে আসামিদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়, যাতে মো. তরিকুল ইসলাম রুবেলসহ অনেকে নিহত হন। তদন্ত কর্মকর্তার দাবি, ড. কলিমউল্লাহর সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
প্রতিনিধির নাম 
























