জয়পুরহাট জেনারেল হাসপাতালে দুই হাতে হাঁসুয়া নিয়ে দুলাভাইকে কোপাতে প্রবেশ করেন এক যুবক। তবে হামলার আগেই রোগীর স্বজনেরা তাকে ধরে ফেলেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শাকিল আহাম্মেদ (২৮), তিনি কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা। তার দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মিনহাজুল ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পরদিন মিনহাজুল বিষপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
শাকিলের অভিযোগ, মিনহাজুল প্রায়ই তার বোনকে মারধর করতেন এবং ঘটনার দিনও তার বোনকে মারধর করা হয়েছে। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি হাসপাতালে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেখে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি মিনহাজুলের দিকে এগিয়ে গেলে সেখানে থাকা রোগীর স্বজনেরা তাকে ধরে ফেলেন।
জয়পুরহাট সদর থানার এসআই ইমরান হোসেন সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে গিয়ে শাকিলকে আটক করেন। সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, সোমবার সকালে এসআই শাহজাহান আলী বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 






















