সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাত্র এক মাসের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। সেই ভালোবাসার টানেই চীনের ২৯ বছর বয়সী যুবক হুয়াং ঝিলিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসেছেন।
হুয়াং ঝিলিন চীনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা। তার পরিচয় হয় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকার বাসিন্দা শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া বেগমের সঙ্গে। বর্তমানে সুমাইয়ার পরিবার একই এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
পরিচয়ের পর উইচ্যাটে নিয়মিত কথাবার্তা চলতে থাকে ঝিলিন ও সুমাইয়ার মধ্যে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ককে পরিণতি দেওয়ার আশায় ঝিলিন বাংলাদেশে আসেন এবং বর্তমানে তিনি সুমাইয়ার পরিবারের সঙ্গে খাপাড়া এলাকায় অবস্থান করছেন।
তবে দুজনের ভাষা ভিন্ন হওয়ায় যোগাযোগে জটিলতা সৃষ্টি হয়েছে। হুয়াং ঝিলিন বাংলা কিংবা ইংরেজি ভাষা জানেন না, অন্যদিকে সুমাইয়া চীনা ভাষা জানেন না। তারা ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।
সুমাইয়ার বাবা শরিফ মিয়া বলেন, ভাষা বুঝতে সমস্যা হলেও তারা অনুবাদ অ্যাপের মাধ্যমে কথা বলছেন। দুজন যদি পরস্পরকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে তার কোনো আপত্তি নেই।
হুয়াং ঝিলিনের রূপগঞ্জে আসার খবর এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। মাত্র এক মাসের পরিচয় থেকে গড়ে ওঠা এই সম্পর্ক বিয়েতে গড়ায় কি না, এখন সেদিকেই তাকিয়ে দুই পরিবারের সদস্য ও স্থানীয়রা।
প্রতিনিধির নাম 























