নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মোহাম্মদ হোসেন নামের এক যুবদল কর্মীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার সময় হামলাকারীরা মোহাম্মদ হোসেনের বাড়িতে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। এসময় তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হোসেনকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী, মা ও বোনকেও পিটিয়ে আহত করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদ কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ হোসেনের শশুর বিএনপি নেতা মো. আমানউল্লাহ মিয়া। একই এলাকার বিএনপি কর্মী মাসুদ মিয়া, তার ভাই রোকন উদ্দিন ও মামুন মিয়া কমিটির সভাপতি পরিবর্তনের চেষ্টা করছিলেন। এ নিয়ে গত শুক্রবার জুমা নামাজ শেষে মোহাম্মদ হোসেন ও রোকন উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়।
হামলার পর তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হামলা ও গুলি বর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিনিধির নাম 




















