তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না। এ কারণে বিএনপির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম বলে তিনি উল্লেখ করেন।
আজ বুধবার বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর ১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী জানান, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রিন্ট মিডিয়ায় ছাপানো অপতথ্য বা বিভ্রান্তিমূলক নিউজের বিরুদ্ধে কেবলমাত্র অভিযোগ করা যায়, যা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে কার্যকর নয়।
তথ্য প্রতিমন্ত্রী হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে বলেন, প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন প্রতিরোধে অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে কনসালটেশন চলছে।
প্রতিনিধির নাম 





















