নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবৈল গ্রামে পারিবারিক বাড়ির ভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাজামান (বুলবুল) গত ২২ জুন নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন মোঃ আমিনুল ইসলাম (৫৮), তার দুই পুত্র মোঃ রাজু আহম্মেদ (২২) ও মোঃ তারেক (২০), এবং স্ত্রী মোসাঃ জিন্নাতুন (৫০)। এরা সকলেই সাবৈল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শাহাজামান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলকৃত পারিবারিক ভিটাবাড়ির জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন অভিযুক্তরা। সর্বশেষ তারা জোরপূর্বক জমিতে প্রবেশ করে বেঁধে রাখা বেল গাছ থেকে আনুমানিক তিন মণ বেল ছিঁড়ে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় পাঁচ হাজার টাকা। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়।
অভিযোগে আরও বলা হয়, জমির বৈধ দলিলপত্র দেখাতে বললেও অভিযুক্তরা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। বরং তারা লাঠিসোটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী বলেন, “আমি কোনো প্রকার গন্ডগোল বা বিশৃঙ্খলা চাই না, তাই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এখন শুধু চাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ।”
থানায় জমা দেওয়া অভিযোগপত্রের সাথে জমির বিস্তারিত তফশিলও সংযুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, উক্ত জমি সাবৈল মৌজার জে.এল নং-৯৫, খতিয়ান নং-১৫৫, দাগ নং-৬২১ এ অবস্থিত এবং জমির পরিমাণ প্রায় ৮.৪০ শতক বলে দাবি করেছেন অভিযোগকারী।
সাক্ষী হিসেবে স্থানীয় প্রবীণ মোঃ ইউসুফ আলী (৬০)
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মাসুদ রানা মিশু, স্টাফ রিপোর্টার, নওগাঁ 









