কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে এই হামলার অভিযোগ করা হয়েছে। হামলায় কার্যালয়ের চেয়ার, টেবিল, ব্যানার ও পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, হামলার সময় দুই শতাধিক নেতাকর্মী বাগমারা বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে পৌঁছালে যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী বিএনপি কার্যালয়ে হামলা চালান।
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু জানান, হামলাকারীরা বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অফিসের বৈদ্যুতিক পাখা নষ্ট করেন। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক শাস্তির দাবি জানিয়েছেন।
লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, হামলাকারীরা বিএনপি কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, তার নির্বাচনী এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কোনো বৈধ কমিটি নেই এবং তিনি হামলার বিষয়ে অবগত নন।
প্রতিনিধির নাম 





















