চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়্যারলেস এলাকায় মো. হৃদয় নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় (১৮) তার দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশে ফুটপাতে সবজি বিক্রি করত। তাদের বাসা ওই এলাকায় অবস্থিত।
পুলিশ জানায়, নিহত হৃদয় স্থানীয়ভাবে সবজিবিক্রেতা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সবজি বিক্রি শেষ করে সে বাসায় যায়। কিছুক্ষণ পর বাসা থেকে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।
কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে, এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এ ঘটনায় মো. কামরুল ওরফে পিচ্চি কামরুল নামে এক ব্যক্তিকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত যুবকের কান কেটে ফেলা হয়েছে এবং পেটে ছুরি মেরে নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 












