বাংলাদেশ ক্রিকেট দল আগামী বছরের মার্চে নেপাল সফর করবে। ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশ নেপালে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সিরিজের তিনটি ম্যাচ ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।
নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাদের উদ্দেশে উৎসর্গ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ও নেপালের মধ্যে সিরিজ আয়োজনের আলোচনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে শুরু হয়।
রাষ্ট্রদূত ভাণ্ডারি মঙ্গলবার বিসিবি পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রস্তাবিত সফরসহ দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিসিবি জানিয়েছে, নেপালের কঠিন সময়ে দেশটির পাশে থাকার প্রতীক হিসেবে এই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করবে। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে এই সিরিজ দিয়ে। নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছে বিসিবি।
প্রতিনিধির নাম 
























